বিশ্বকাপে হারার পর ট্রল নিয়ে আর্জেন্টাইন তারকার আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০১:২০ পিএম


বিশ্বকাপে হারার পর ট্রল নিয়ে আর্জেন্টাইন তারকার আবেগঘন বার্তা
আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ছবি: সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচের ফলাফল ১-০ হলেও আর্জেন্টিনার হারের ধরন ছিল বেশ লজ্জাজনক। পুরো ম্যাচ জুড়ে এতটাই দাপটের সঙ্গে খেলেছে স্পেন, যে নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলবারে একটাও শট নিতে পারেনি আর্জেন্টিনা। মেসি-আলাভারেজের মতো তারকাদের নিয়েও এমন করুণ পরাজয়ের পর কোটি কোটি ফুটবল ভক্তের ট্রলের শিকার হচ্ছে দলটি। পুরো বিশ্বকাপ জুড়ে রেফারির বাড়তি সুবিধা পাওয়া নিয়েও শুনতে হচ্ছে কটাক্ষ।  

এবার এসব ট্রল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টিনার পরাজয় নিয়ে যারা ব্যঙ্গ করেছেন, তাদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘যারা আমাদের কষ্ট দেখে হাসছে বা বিদ্রূপ করছে, তাদেরও ধন্যবাদ। অজান্তেই তোমরা আমাদের প্রতিদিন আরও বেশি গর্বিত আর্জেন্টাইন হতে সাহায্য করছ। ধন্যবাদ, আর্জেন্টিনা!’

স্পেনের বিপক্ষে পুরো ১২০ মিনিট মাঠে থাকা এই আর্জেন্টাইন মিডফিল্ডার আরও লিখেন, ‘আমরা খুব কাছাকাছি ছিলাম..., আর তাই কষ্টটা এত গভীর। কিন্তু এই বিশ্বকাপে আমরা যা অনুভব করেছি, তা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তোমরা আমাদের যে অনুভূতি দিয়েছ, তা অসাধারণ।’

তিনি স্মরণ করিয়ে দেন, পুরো টুর্নামেন্টে দলকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সবাই মিলে সেগুলো অতিক্রম করেছে। 

আরও পড়ুন

আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে ম্যাক অ্যালিস্টার লিখেন, ‘আমাদের কষ্ট পেতে হয়েছে, অনেক বাধা এসেছে। কিন্তু আমরা একসঙ্গে সবকিছু অতিক্রম করেছি। এটা কখনো ভুলে যেও না- একসঙ্গে থাকলে আমরা সবচেয়ে শক্তিশালী।’

আর্জেন্টাইন এই তারকা মিডফিল্ডার জানান, এই বিশ্বকাপ তাকে দুটি দৃশ্য কখনো ভুলতে দেবে না। প্রথমটি ছিল ফাইনালের পর রানার্স-আপ পদক গ্রহণের মুহূর্ত। তিনি বলেন, ‘পদক নেওয়ার পর স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকরা যেভাবে একসঙ্গে গান গাইতে শুরু করেছিলেন, সেই মুহূর্তে অন্য সব উদযাপন যেন ম্লান হয়ে গিয়েছিল। পরিবার, বন্ধু আর সমর্থকদের ভালোবাসাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’

দ্বিতীয়টি ছিল দেশে ফেরার পর সমর্থকদের অভ্যর্থনা। তার ভাষায়, ‘বৃষ্টি আর ঠান্ডা উপেক্ষা করে যেভাবে বুয়েনস আইরেসে আমাদের স্বাগত জানানো হয়েছে, তা প্রমাণ করে এই দেশের মানুষের জাতীয় দলের প্রতি ভালোবাসা কখনো ম্লান হয় না।’

নিজ বার্তায় সমর্থকদের উদ্দেশে মজার ছলে ম্যাক অ্যালিস্টার লিখেন, ‘এভাবে বলার জন্য ক্ষমা চাই, কিন্তু তোমরা সবাই একেবারে পাগল, আর আমরা সেটা ভীষণ ভালোবাসি!’

এরপর তিনি লিখেন, ‘চলো কাঁদি, কারণ আমরা আর্জেন্টাইন এবং আমরা সবসময় জিততে চাই। কিন্তু কান্নার পর আবার উঠে দাঁড়াতে হবে, এক হতে হবে এবং এগিয়ে যেতে হবে। কারণ সবকিছু এখানেই শেষ নয়।’

বার্তায় মায়ের বলা একটি জনপ্রিয় প্রবাদও তুলে ধরেন তিনি, ‘আমার মা আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না।’

বার্তার শেষে ম্যাক অ্যালিস্টার পরিবার, বন্ধু, জাতীয় দলের নেপথ্যে কাজ করা মানুষ এবং বছরের পর বছর পাশে থাকা সমর্থকদের ধন্যবাদ জানান।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission